ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ৪ জুলাই, ২০২৬ সকাল ৫:৪৯
ad003
রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষে শুক্রবার (৩ জুলাই) রাজধানীর ধানমন্ডি ক্লাব লিমিটেডের হলরুমে শতবর্ষ উদযাপন বাস্তবায়ন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন  অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদ হোসেন খান। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, বিদ্যালয়ের গভর্নিং  কমিটির সভাপতি তানভীর রশিদ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষানুরাগী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা।

সভায় শতবর্ষ উদযাবাপন অনুষ্ঠানকে সুশৃঙ্খল, অংশগ্রহণমূলক ও বর্ণাঢ্য করতে নিবন্ধন কার্যক্রম, দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ, অতিথি আমন্ত্রণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মরণিকা প্রকাশ, প্রচার-প্রচারণা, অর্থায়ন, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা এবং সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ। এ লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রফেসর ডা. মোঃ শাহাদত হোসেনকে আহ্বায়ক এবং লেফটেন্যান্ট কর্নেল (আব:) সৈয়দ মোহাম্মদ জাকির উদ্দিন আহমেদকে সদস্য সচিব মনোনীত করা হয়। নবগঠিত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করে শতবর্ষ উদযাপনের কার্যক্রমকে আরও গতিশীল করার দায়িত্ব প্রদান করা হয়েছে।

বক্তারা বলেন, এক শতাব্দীর পথচলায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্যের সঙ্গে অবদান রেখে প্রতিষ্ঠানের সুনাম সমুন্নত রেখেছেন। শতবর্ষ উদযাপন সেই গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সভায় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরাও বিদ্যালয়ের উন্নয়ন, অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কার্যকর ও স্থায়ী সহযোগিতা প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজে অংশগ্রহণের মাধ্যমে উপস্থিত অতিথিরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণ করেন। একই সঙ্গে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনকে দেশের অন্যতম সেরা শিক্ষা-উৎসবে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT