জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বড়িয়া গ্রামে ইমেলকে তুলে নিতে এসে গ্রামবাসী হাতে আটক হলেন ৭ জন এবং মোটরসাইকেলে আগুন দেয় হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়িয়া গ্রামের ইমেল হোসেন ও আক্কেলপুর উপজেলা দুলালী ভেলনা গ্রামের আব্দুর রাজ্জাক লালুর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দুলালী মৌজায় জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ চলে আসছে। ৪জুলাই শনিবার সকালে আব্দুর রাজ্জাক লালুর নেতৃত্বে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন বড়িয়া গ্রামে এসে ইমেল হোসেনকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ইমেল হোসেন চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে একজনকে আটক করে। তবে তার সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে যান।পরে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে আরও কয়েকজন ঘটনাস্থলে এলে স্থানীয়রা তাদের মধ্যে আরও পাঁচজনকে আটক করেন। এতে মোট ৭ জন এলাকাবাসী হাতে আটক হন এবং মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।এ জমিজমা নিয়ে আদালতেও মামলা বিচারাধীন রয়েছে।
ভুক্তভোগী ইমেল হোসেন দাবি করেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং এ বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। মামলা তুলে নেওয়ার জন্য প্রতিপক্ষ বিভিন্ন সময় তাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। শনিবারের ঘটনাও তারই ধারাবাহিকতা বলে তিনি অভিযোগ করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।