ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় মনোগ্রাম উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল

অতীতে শুধু রাজনীতির কারণে অনেক মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে পারেননি

author
ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুলাই, ২০২৬ সকাল ১১:৫৮
ad003

"অতীতে শুধুমাত্র রাজনীতির কারণে অনেক মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে পারেননি। তাই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে" -বলেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী- মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাতে দেশের অন্যতম বেসরকারী উন্নয়ন সংস্থা, ইকো স্যোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)-এর জয়নুল আবেদিন মিলনায়তনে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। 

বিএনপি মহাসচিব বলেন, শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না। এই পেশার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে একদল তরুণের মধ্যে ছড়িয়ে দিতে পারি। তারা আবার এটাকে পৃথিবীময় ছড়িয়ে দিতে পারে। আমার পেশা জীবনের শুরু শিক্ষকতা দিয়ে এবং কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি নিঃসংকোচে বলতে পারবো, জীবনে আমি সবচেয়ে উপভোগ করেছি শিক্ষকতা পেশাটাকেই। 

এলজিআরডি মন্ত্রী বলেন ,  ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তবে শিক্ষার মান নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কোনোভাবেই এই বিশ্ববিদ্যালয় যেন গতানুগতিক একটা প্রতিষ্ঠান না হয়ে একটা বিশ্বমান অর্জন করতে পারে এবং দরিদ্র অনুন্নত এই জনপদটি যেন শিক্ষানগরের খ্যাতি অর্জন করতে পারে সে বিষয়ে শিক্ষক নির্বাচনে মেধাকে গুরত্ব দেয়া সহ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই আমি বিশ্বাস করি। তিনি বলেন,  শুধু লেখা পড়া নয় , ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে গবেষণা ও জ্ঞানচর্চা কেন্দ্র আর তাকে ছড়িয়ে দিতে হবে  সবখানে ।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ইস্রাফীল শাহীনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সম্মানিত অতিথি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম,  জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন,  জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং ইএসডিও'র নির্বাহী পরিচালক ডঃ মুহাম্মদ শহীদ উজ জামান। 

অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন,  একটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একটা বিরাট শ্রমসাধ্য এবং সময়সাপেক্ষ জটিল কর্মযজ্ঞ। সেরকম একটা বিরাট কাজে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং এই বছরেই তার ভর্তি শুরুর কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং।  এ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের হাত ধরে এ কাজটি দ্রুততার সাথেই এগিয়ে চলেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য একটা চমৎকার জায়গা নির্ধারণ হয়েছে এবং মাত্র দেড় মাসের মধ্যে প্রসংশনীয় তৎপরতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এগিয়ে চলেছে। মঞ্জুরি কমিশন এ কাজটিতে সব ধরনের সহযোগীতা করে আসছে এবং তারা তা করে যাবে।

স্বাগত বক্তব্যে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ইস্রাফীল শাহীন বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি উপস্থিত মঞ্জুরী কমিশনের ১২ সদস্যকে ধন্যবাদ জানান।তিনি বিশ্ববিদ্যালয় লোগো নির্মাণে ঠাকুরগাঁওয়ের ২ কৃতি সন্তান  আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিমূর্ত চিত্রশিল্পী  অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং আরেক বরেণ্য চিত্রশিল্পী  ও কার্টুনিস্ট অধ্যাপক শিশির ভট্টাচার্যের অবদানকে তুলে ধরেন। সর্বোপরি  বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজে মাত্র দেড় মাসের মধ্যে যে অগ্রগতি ঘটেছে তাঁর সিংহভাগ কৃতিত্ব বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বলে উল্লেখ করেন।  

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT