খুলনার সুন্দরবনসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আজহারুল ইসলাম ওরফে খানজাহান (৪০) নামে এক জলদস্যুকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। অভিযানের সময় তার হেফাজত থেকে দুটি ওয়ান শুটার গান এবং ৩৬ রাউন্ড তাজা সীসার বুলেট উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু ও অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।
র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে তাদের স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশী ইউনিয়নের সোনামুকুন্দি মোরলের খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক গতিবিধির কারণে আজহারুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছে থাকা দুটি পৃথক পলিথিনের ব্যাগ তল্লাশি করে দুটি ওয়ান শুটার আগ্নেয়াস্ত্র ও ৩৬ রাউন্ড তাজা সীসার বুলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হয়।
গ্রেপ্তার হওয়া আজহারুল ইসলাম খুলনা জেলার দাকোপ উপজেলার জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে। র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনসংলগ্ন এলাকায় জলদস্যুতা ও সশস্ত্র অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে খুলনার কয়রা থানা এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় দায়ের হওয়া একাধিক ডাকাতি মামলার তথ্য পাওয়া গেছে।
র্যাব আরও জানায়, অস্ত্র ও গোলাবারুদ বহন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা শেষে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬-এর পক্ষ থেকে বলা হয়েছে, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে জলদস্যুতা, অস্ত্রধারী সন্ত্রাস, মাদক কারবার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানিয়েছে বাহিনীটি।