কয়েক মাস ধরে চলা আইনি লড়াই, প্রশাসনিক পরিবর্তন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে দেশের জাহাজ ভাঙা ও পুনঃপ্রক্রিয়াজাত (শিপ রিসাইক্লিং) শিল্পের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দুপুর ২টায় নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সহসভাপতি পদে মো. নুরুদ্দিন রুবেল ও গাজী মোকাররম আলী চৌধুরী নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. জাহেদুল হক, মো. তসলিম উদ্দিন, এসএম নুরুন নবী, মো. ফেরদৌস ওয়াহিদ, ওবায়দা আসাদি, হোসাইনুল আরেফিন এবং একেএম সাইফুল্লা সাঈদ।
সমিতির ১১টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় মোহাম্মদ মহসিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মোট ৮৪ জন ভোটারের মধ্যে ৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
এবারের নির্বাচন ছিল দীর্ঘ আইনি জটিলতার কারণে আলোচিত। সাবেক সভাপতি আমজাদ হোসেন চৌধুরীর প্রার্থিতা ঘিরে একের পর এক আইনি প্রক্রিয়ায় নির্বাচন কয়েক মাস পিছিয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচন পরিচালনা বোর্ড তাকে ঋণখেলাপি ঘোষণা করে তার মনোনয়নপত্র বাতিল করে।
পরে হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ ঘোষণা করলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আদেশ স্থগিত করেন। পরবর্তীতে আপিল বিভাগ তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করে নির্বাচন কার্যক্রম পুনরায় শুরু করার নির্দেশ দেন। সর্বশেষ নির্বাচন স্থগিতের দাবিতে আমজাদ হোসেন চৌধুরীর করা সম্পূরক রিট আবেদনও গত বৃহস্পতিবার হাইকোর্ট খারিজ করে দিলে নির্বাচন অনুষ্ঠানের সব আইনি জটিলতার অবসান ঘটে।
মূলত গত বছরের ২৫ অক্টোবর নির্বাচন হওয়ার কথা ছিল। তবে নির্বাচন পরিচালনা বোর্ড স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে না পারার অভিযোগ তুলে গত বছরের সেপ্টেম্বরে পদত্যাগ করলে নির্বাচন স্থগিত হয়ে যায়। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) সচিব আবু ছাফায়াত মুহাম্মদ শাহে দুল ইসলামকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
প্রশাসকের উদ্যোগে মার্চ মাসে নতুন নির্বাচন পরিচালনা বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়। পরে নতুন তফসিল ঘোষণা করা হলে দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটিয়ে দেশের জাহাজ ভাঙা শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য সংগঠনটি নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করল।