ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলে দু'পক্ষের সংঘর্ষে যুবক নিহত

author
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৫ জুলাই, ২০২৬ সকাল ৫:০৭
ad003
হবিগঞ্জের বাহুবল উপজেলার খোজারগাঁও গ্রামে আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের নারী-সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আব্দুল্লাহ (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন ও অন্তত ৬ জন আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার খোজারগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খোজারগাঁও গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল হকের বোন রেজিয়া খাতুনের বিয়ে হয় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর এলাকায়। বিয়ের কিছুদিন পর তিনি স্বামী-সন্তান নিয়ে বাবার দেওয়া জায়গায় ঘর নির্মাণ করে খোজারগাঁও গ্রামে বসবাস শুরু করেন। সম্প্রতি রেজিয়া খাতুনের মেয়ে সুহেনা আক্তার, যিনি এক সন্তানের জননী, অন্য এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রেজিয়া খাতুন, তার ভাই আব্দুল হক ও আব্দুল মালেকের ওপর তাদের নিজ গোষ্ঠীর লোকজন বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেন। এর জের ধরে শনিবার বিকেল প্রায় ৪টার দিকে আব্দুল হক ও তার ভাগ্নে মোস্তাকিমের সঙ্গে আব্দুল্লাহ এবং তার সমর্থকদের বাকবিতণ্ডা হয়। স্থানীয় লোকজন তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সন্ধ্যায় উভয় পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আব্দুল্লাহ গুরুতর আহত হন। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া সংঘর্ষে আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT