ঝিনাইদহের কালীগঞ্জে "জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬" উপলক্ষে সমবায়ীদের মাঝে চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমবায়ীদের হাতে চেক তুলে দেন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। একই সঙ্গে উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক উন্নয়ন গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম কার্যকর মাধ্যম। সমবায় কার্যক্রমের মাধ্যমে মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই গ্রামীণ উন্নয়ন সম্ভব। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণের উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন তারা।
অনুষ্ঠান শেষে উপকারভোগী সমবায়ীদের হাতে চেক ও গাছের চারা তুলে দেওয়া হয়।