চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরীকে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৩ জুন) সাতকানিয়া উপজেলার কেরানীহাটের একটি রেস্টুরেন্টের হলরুমে চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী ঘোষণা ও দায়িত্বশীল সমাবেশে এই ঘোষণা দেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এ নিয়ে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি এই পাঁচ জেলার ২৩টি আসনেই প্রার্থী ঘোষণা করলো জামায়াত। এর আগে গত ২৯ মে চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীদের পরিচিতি সভায় শাহজাহান চৌধুরীর প্রার্থিতা জানানো হলেও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত ৩০০ আসনে প্রার্থী প্রস্তুত রেখেছে। তবে কোনো আসন কাউকে দেওয়া মানে স্থায়ীভাবে দেওয়া নয়। এটা জামায়াতের আসন, দল যখন যাকে বলবে, তিনিই প্রার্থী হবেন। প্রয়োজনে আমির সাহেবও তার আসন ছেড়ে দিতে পারেন।
আলোচনায় তিনি বলেন, জন আকাক্সক্ষা পূরণ ও দেশের স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তুলতে জামায়াতে ইসলামি প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যে যেতে রাজি। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের মধ্যে সমঝোতার উদ্যোগ শুরু হয়েছে। আমরা চাই দেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হোক।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, অতীতে দিল্লিই নির্ধারণ করে দিত কে নির্বাচনে যাবে, কে জয়ী হবে। তাদের নির্দেশেই দেশ চলতো। তবে আগামী নির্বাচনে এমন শক্তিশালী সরকার গঠন করা হবে, যা দিল্লির প্রভাব মুক্ত থেকে জনগণের ইচ্ছায় পরিচালিত হবে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম, মুহাম্মদ শাহজাহান, অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহ, নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জাফর সাদেকসহ অনেকে।
বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমির ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারি সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, লোহাগাড়া উপজেলা আমির আসাদ উল্লাহ, পৌরসভা আমির হামিদ উদ্দিন এবং ইসলামী ছাত্র শিবিরের দক্ষিণ জেলা সভাপতি আরমান হোসাইন।