ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশসহ তদন্ত কমিটি গঠন

ডিমলায় ২য় শ্রেনীর শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার শরীর ম্যাসাজ

author
স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ দুপুর ১২:২২
ad003
শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে ২য় শ্রেনীর শিক্ষার্থী মৌকে দিয়ে শরীর ম্যাসাজ করার ঘটনায় ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের চারঘরি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তিন সহকারী শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশসহ দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি ঐ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কক্ষে পাঠদান বন্ধ রেখে ২য় শ্রেনীর শিক্ষার্থী মৌকে দিয়ে সহকারী শিক্ষিকা কাজলী আক্তার শরীর ম্যাসাজ করে নিচ্ছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়টির অফিস কক্ষে কাজলী আক্তার নামের ঐ শিক্ষিকা একটি ছোট চৌকিতে শুয়ে আছেন এবং শিক্ষার্থী মৌ তাঁর পায়ের ওপর দাঁড়িয়ে পা পাড়িয়ে দিচ্ছে (একধরনের ম্যাসাজ)। সেখানেই একটি টেবিলে আরেকজন শিক্ষিকাকে মোবাইল ফোনে মগ্ন থাকতে এবং অপর এক শিক্ষিকাকে চেয়ারে পা তুলে বসে থাকতে দেখা যায়। শিক্ষিকারা হলেন ওয়াহিদা জান্নাত  মুনমুন ও মনি আক্তার। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা ছড়িয়ে পড়ে।

স্থানীয় কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্লাসের সময় শিক্ষকেরা যদি অফিস কক্ষে এসব করেন, তাহলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়। তাঁরা এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায় বলেন, এ ঘটনায় কারণ দর্শানোর নোটিশসহ দুই সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দোষী শিক্ষকদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। তবে এটি সাম্প্রতিক সময়ের নয়, ১০ থেকে ১৫ দিন আগের ঘটনা। ঘটনাটি জানার পরপরই আমরা প্রাথমিক শিক্ষা বিভাগের মাধ্যমে তদন্ত শুরু করেছি এবং সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।'ইউএনও জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দ্রুত সরেজমিনে তদন্ত শেষ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে তদন্তের ভিত্তিতে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT