ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় সবুজ বিপ্লবের স্বপ্নে তরুণদের পথচলা

author
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুলাই, ২০২৬ সকাল ৬:৫৬
ad003
একটি গাছ শুধু ছায়া দেয় না, বাঁচিয়ে রাখে প্রকৃতি, মানুষ ও ভবিষ্যৎ প্রজন্মকে। জলবায়ু পরিবর্তনের প্রভাব যখন দিন দিন তীব্র হচ্ছে, তখন পরিবেশ রক্ষায় স্থানীয় তরুণদের উদ্যোগে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজে আমরা’ নীরবে কাজ করে যাচ্ছে সবুজায়নের লক্ষ্যে।

নওগাঁর পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে ২০২৪ সালে কয়েকজন পরিবেশসচেতন যুবকের উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সড়কের পাশে কয়েক হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো, শিক্ষা প্রতিষ্ঠান, খোলা জনপরিসর এবং সামাজিক প্রতিষ্ঠানে বিনামূল্যে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি বৃক্ষের পরিচর্যা ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরিতেও কাজ করছে সংগঠনটি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোস্তাক মাহিন বলেন, আমরা বিশ্বাস করি, আজ একটি গাছ লাগানো মানে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার পথে এক ধাপ এগিয়ে যাওয়া। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। অতিরিক্ত কার্বন নিঃসরণের প্রভাব কমাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ একটি সময়োপযোগী, কার্যকর ও টেকসই উদ্যোগ। তাই সমাজের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

শাহ মোস্তাক মাহিন আরও বলেন, আমরা চাই আমাদের ইউনিয়ন থেকে শুরু করে পুরো উপজেলা, এরপর জেলা এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুক সবুজ বিপ্লব। আমাদের এই উদ্যোগ দেখে নতুন প্রজন্ম যেন অনুপ্রাণিত হয় এবং জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

স্থানীয় বাসিন্দাদের মতে, সরকারি উদ্যোগের পাশাপাশি এমন স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।

হাঙ্গার প্রেজক্টের এলাকা সমন্বয়কারী আছির উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও সামাজিক সংগঠনের সম্মিলিত অংশগ্রহণও জরুরি। সেই বিবেচনায় ‘সবুজে আমরা’ এর মতো উদ্যোগগুলো একটি টেকসই ও সবুজ বাংলাদেশ গড়ার পথে আশাব্যঞ্জক উদাহরণ হয়ে উঠতে পারে।

পরিবেশ রক্ষার এই নীরব আন্দোলন ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এমন প্রত্যাশাই সংগঠনের সদস্য ও স্থানীয় মানুষের।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT