ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় মাদকের আসরে অভিযান, হাতেনাতে ধরা ৩ জনের কারাদণ্ড

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুলাই, ২০২৬ সকাল ৭:০৭
ad003
নেত্রকোণার মোহনগঞ্জে মাদক সেবনের সময় হাতেনাতে আটক তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার সন্ধ্যা ৬টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার সিএনজি স্ট্যান্ডসংলগ্ন সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মাদক সেবনের সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। আদালত সুজন মিয়া (৩৬) ও রাজন মিয়াকে চার মাস করে এবং রিয়াজুল আহমেদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মোহনগঞ্জ উপজেলার সেখুপুর গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে সুজন মিয়া (৩৬), সামাইকোনা গ্রামের রইছ মিয়ার ছেলে রাজন মিয়া (৩২) এবং সুনামগঞ্জের ধর্মপাশা সদর এলাকার কাজিম উদ্দিন আহমেদের ছেলে রিয়াজুল আহমেদ (১৮)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, ভ্রাম্যমাণ আদালতের রায় কার্যকরের পর সোমবার রাতেই দণ্ডপ্রাপ্ত তিনজনকে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT