ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত দুই সমর্থক আহত হয়েছেন। আহতরা হলেন ব্রাজিল সমর্থক মামুন (২২) এবং আর্জেন্টিনা সমর্থক সামিউল ইসলাম (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে কালীগঞ্জ উপজেলার একটি এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে খেলা নিয়ে কথাকাটাকাটির সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের দুই সমর্থক আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।