ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলের গুহ রোডে আফিফ স্টোরে চুরি, মালামাল ও নগদ টাকা লুট

author
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ৮ জুলাই, ২০২৬ সকাল ১১:৪৯
ad003
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের গুহ রোড এলাকায় অবস্থিত মেসার্স  আফিফ স্টোরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
 
মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে মালামাল ও ক্যাশে থাকা নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

দোকানটির স্বত্বাধিকারী মো. ছাদেক আহমেদ চৌধুরী জানান, প্রতিদিনের মতো রাত প্রায় ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। বুধবার সকালে দোকান খুলতে এসে দেখেন, দোকানের উপরের টিন কেটে প্রবেশ করা হয়েছে এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে।

তিনি বলেন, "দোকানের এমন অবস্থা দেখে পাশের চায়ের দোকানের লোকজনকে ডাকি। পরে বুঝতে পারি, চোরেরা দোকান থেকে বিভিন্ন মালামাল ও ক্যাশে থাকা নগদ টাকা নিয়ে গেছে। এতে আমার অনেক ক্ষতি হয়েছে।"

তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, "শহরের ভেতরেই যদি এভাবে চুরি হয়, তাহলে আমরা ব্যবসায়ীরা নিরাপদ কোথায়? ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে।"

এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "থানায় জানিয়ে কী লাভ? চুরি হওয়া মালামাল বা টাকা তো আর ফিরে আসবে না।"

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা শহরের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার, নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার মো: আব্দুল্লাহ আল মামুন দৈনিক যায়যায়দিনকে বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT