মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামে একটি চায়না মালিকানাধীন প্রতিষ্ঠানের শতাধিক শ্রমিক ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, পরিবহন শ্রমিক এবং পণ্যবাহী যানবাহনের চালকরা।
বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় অবস্থিত হার্ডওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠানটির সামনে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
বিক্ষোভরত শ্রমিকরা "ন্যায্য বেতন দিতে হবে", "গেজেট অনুযায়ী বেতন বাস্তবায়ন করতে হবে", "বেতন বাড়াও" এবং "কোম্পানি থেকে মামুনকে অপসারণ করতে হবে"—এমন নানা স্লোগান দিতে থাকেন। তাদের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত গেজেট অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে না। পাশাপাশি কর্মপরিবেশ ও শ্রমিকবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত না হওয়ায় তারা বারবার কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো কার্যকর সমাধান পাননি। বাধ্য হয়েই তারা মহাসড়কে নেমে আন্দোলন করছেন বলে জানান।
এদিকে সড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত যানবাহন এমনকি জরুরি সেবার অ্যাম্বুলেন্সও দীর্ঘ সময় আটকে পড়ে। প্রচণ্ড গরমে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে।
বুধবার বেলা পৌনে ১২টার দিকে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, "শ্রমিকরা তাদের বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত ছিল।