ক্রীড়াঙ্গনে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা বিষয়ে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সম্মেলন ‘আইডব্লিজি গ্লোবাল সামিট অন উইমেন অ্যান্ড স্পোর্ট ২০২৬’ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া পরিষদের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। সম্মেলনে যোগ দিতে তিনি ইতোমধ্যেই যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হয়েছেন।
আজ বৃহস্পতিবার ৯ জুলাই থেকে সম্মেলন শুরু হচ্ছে। চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। যুক্তরাজ্যের বার্মিংহামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে অনুষ্ঠান। ব্যারিস্টার শুল্কা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি এবং সদ্য নিযুক্ত জেন্ডার ইকুইটি কমিটির চেয়ারম্যান। বিশ্বের সর্ববৃহৎ এ ক্রীড়া সম্মেলনে ক্রীড়া সংগঠক, নীতি নির্ধারক ও ক্রীড়াবিদসহ ১ হাজার ২০০ জনের বেশি আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।
ব্যারিস্টার শুক্লা বাংলাদেশ মহিলা ক্রীড়া পরিষদের সভাপতির পাশাপাশি এদেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি। এছাড়া দেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি ক্রীড়াঙ্গনে নারীদের সার্বিক সুরক্ষা, সমতা ও অধিকার নিশ্চিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের সরকারি কমিটি গঠিত হয়েছে, যার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। দেশজুড়ে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে সরকারের চলমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ উইং গঠনের প্রেক্ষাপটে তার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, বাংলাদেশে খেলাধুলায় নারীদের অংশগ্রহণ ও সাফল্য এখন বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। আইডব্লিউজির এ বৈশ্বিক প্লাটফর্মে আমাদের অর্জনগুলো তুলে ধরার পাশাপাশি ক্রীড়াঙ্গনে নারী নেতৃত্ব ও আইনি সুরক্ষার আধুনিক কৌশলগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে প্রয়োগ করতে চাই।