গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ তিন মাস আগে স্ট্যান্ড রিলিজ হওয়ার কথা থাকলেও এখনো একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাপাসিয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়িত্বও পালন করছেন। অন্যদিকে, একই বদলি আদেশে কালীগঞ্জে পদায়ন পাওয়া কর্মকর্তা মোছা. নায়েমা তাবাচ্ছুম নির্ধারিত সময়ে যোগদান করেও এখনো নিজ কার্যালয়ে দায়িত্ব বুঝে পাননি। এ ঘটনায় প্রশাসনিক মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গত ১৩ এপ্রিল জারি করা এক আদেশে কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদকে সিলেটের ওসমানীনগর উপজেলায় বদলি করা হয়। একই আদেশে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা থেকে মোছা. নায়েমা তাবাচ্ছুমকে কালীগঞ্জে পদায়ন দেওয়া হয়।আদেশে উল্লেখ ছিল, ২০ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমান কর্মস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন। তবে সেই আদেশ বাস্তবায়ন হয়নি। আবুল কালাম আজাদ এখনো কালীগঞ্জে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কাপাসিয়া উপজেলার অতিরিক্ত দায়িত্বও পালন করছেন।এদিকে কাপাসিয়া উপজেলায় গত মে মাসে নড়াইলের কালিয়া উপজেলা থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামালকে পদায়ন করা হলেও তিনিও এখনো দায়িত্ব গ্রহণ করতে পারেননি। ফলে দুই উপজেলাতেই বদলি আদেশ কার্যকর না হওয়ায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে।এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ। তবে গোপনে ধারণ করা এক বক্তব্যে তিনি বলেন, অধিদপ্তরের নির্দেশেই তিনি দায়িত্ব পালন করছেন।অন্যদিকে, পদায়নপ্রাপ্ত কর্মকর্তা মোছা. নায়েমা তাবাচ্ছুম মুঠোফোনে বলেন, তিনি নির্ধারিত সময়ে যোগদান করেছেন। কিন্তু এখনো নিজ কার্যালয়ে দায়িত্ব বুঝে পাননি। বর্তমানে তিনি গাজীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। বিষয়টি তিনি মন্ত্রণালয় ও অধিদপ্তরকে অবহিত করেছেন এবং ন্যায়বিচারের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর ছেড়ে দিয়েছেন।
নতুন কর্মকর্তাদের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার কারণ জানতে গাজীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আওলাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অধিদপ্তরের মৌখিক নির্দেশে স্ট্যান্ড রিজিলের বিষয়টি বাস্তবায়ন করা যায়নি।
তবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. আব্দুর রশিদ বলেন, বিষয়টি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। একদিকে লিখিত বদলির আদেশ, অন্যদিকে সেই আদেশ কার্যকর না হওয়া এবং পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার ঘটনায় প্রশাসনিক বিধি-বিধান অনুসরণ নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে।