মাদারীপুরের কালকিনি উপজেলার ১৫৮ নম্বর চর আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস শিকদার, সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সনজিৎ বাড়ৈ, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, আইসিটি সম্পাদক বেলায়েত হোসেন এবং ক্রীড়া সম্পাদক সবুজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় শিক্ষক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
সভায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস শিকদার বলেন, “শিক্ষক রাজনের ওপর হামলার পর থেকে আমি সার্বক্ষণিক তার পাশে ছিলাম। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি এবং নিয়মিত তার খোঁজখবর নিয়েছি।”
শিক্ষকদের দাবি, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।