রাজধানীর বংশালে একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন।
আজ শুক্রবার (১০ জুলাই) ভোরে মুকিম বাজার কবরস্থানের পার্শ্ববর্তী একটি বাড়ির নিচ তলায় এই বিস্ফোরণ ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটির তৃতীয় তলার বাসায় দোকান কর্মচারী নামজুলকে নিয়ে ভাড়া থাকতেন দেলোয়ার। নিচ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শুনে নিচে নামছিলেন। এ সময় আরেকটি বিস্ফোরণ ঘটলে দুজনই আটকা পড়েন। স্থানীয়রা দগ্ধ অবস্থায় নাজমুলকে উদ্ধার করতে পারেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দেলোয়ারের মরদেহ উদ্ধার করে। আর দগ্ধ নাজমুলকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
চিকিৎসকরা জানান, শরীরের ৫০ শতাংশ দগ্ধ নাজমুলকে ঢাকা মেডিকেলে ভর্তি রাখা হয়েছে।