ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে এএসএম স্টুডেন্ট চ্যাপ্টার- এর কার্যনির্বাহী কমিটি গঠন

author
ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ সকাল ৮:২১
ad003
আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি স্টুডেন্ট চ্যাপ্টার (এএসএম)-এর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬–২০২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে অভিনন্দন পাল সীমান্ত নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার (১০ জুলাই) সংগঠনটির কান্ট্রি এম্বাসেডর ও ফ্যাকাল্টি অ্যাডভাইজার ড. মিন্নাতুল করিম আকন্দ-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে মোট ১৫ সদস্যবিশিষ্ট নতুন এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। 

নবনির্বাচিত সভাপতি মো. মেহেদী হাসান মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, আমি সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায়। এর আগে আল্লাহ আমাকে এই চ্যাপ্টারের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছিলেন। সেই সময়ের বাস্তব অভিজ্ঞতা এবং আপনাদের সকলের সহযোগিতাকে কাজে লাগিয়ে নবগঠিত এই ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটিকে সাথে নিয়ে আমাদের চ্যাপ্টারকে আরও সক্রিয়, গবেষণামুখী ও শিক্ষার্থীবান্ধব একটি সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অভিনন্দন পাল সীমান্ত বলেন, আমাকে সেক্রেটারি হিসেবে নির্বাচিত করায় আমি সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার দায়িত্ব হবে সংগঠনের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সমন্বয় করা, সদস্যদের মধ্যে কার্যকর যোগাযোগ নিশ্চিত করা এবং পরিকল্পিত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে কাজ করা। সভাপতি, কার্যনির্বাহী কমিটি এবং সকল সদস্যের সম্মিলিত সহযোগিতায় আমরা গবেষণা, দক্ষতা উন্নয়ন ও বিজ্ঞানভিত্তিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে চাই। একসঙ্গে কাজ করে আমরা এএসএম স্টুডেন্ট চ্যাপ্টারকে আরও সমৃদ্ধ ও অনুকরণীয় হিসেবে প্রতিষ্ঠিত করব।

সংগঠনটির কান্ট্রি এম্বাসেডর ও ফ্যাকাল্টি অ্যাডভাইজার ড. মিন্নাতুল করিম আকন্দ বলেন, এএসএম-এর লক্ষ্য হলো গবেষণা, শিক্ষা, বৈজ্ঞানিক জ্ঞান বিনিময় এবং সমাজে বিজ্ঞানভিত্তিক সচেতনতা বৃদ্ধি। আমরা আগামী দিনে সেমিনার, কর্মশালা, গবেষণা প্রশিক্ষণ, বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা, আউটরিচ কার্যক্রম এবং জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এসব লক্ষ্য বাস্তবায়নে কাজ করব। আমি বিশ্বাস করি, নবগঠিত কমিটি সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) বিশ্বের অন্যতম শীর্ষ বৈজ্ঞানিক সংগঠন, যা মাইক্রোবায়োলজি গবেষণা, শিক্ষা, উদ্ভাবন এবং জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর স্টুডেন্ট চ্যাপ্টারগুলো শিক্ষার্থীদের গবেষণা, নেতৃত্ব ও পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT