ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ঈশ্বরবা গ্রামে এক খামারির গোয়ালঘর থেকে একটি গাভী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী খামারি আইয়ুব হোসেন কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ একটি চোরচক্র আইয়ুব হোসেনের গোয়ালঘর থেকে একটি গাভী চুরি করে। পরে গরুটি আগে থেকেই রাস্তায় প্রস্তুত রাখা একটি পিকআপ ভ্যানে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সকালে গোয়ালঘরে গরু না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে চুরির বিষয়টি নিশ্চিত হন।
ভুক্তভোগী খামারি আইয়ুব হোসেন বলেন, “অনেক কষ্ট করে অর্থ সঞ্চয় করে আমি এই গাভীটি কিনেছিলাম। চোরচক্র আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছে। আমি এখন সর্বস্বান্ত। প্রশাসনের কাছে আমার অনুরোধ, দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় এনে আমার গরুটি উদ্ধারের ব্যবস্থা করা হোক।”
ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আশা করছি, অতি দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় গবাদিপশু চুরির ঘটনা নিয়ে খামারিদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তারা রাতের টহল জোরদার এবং চোরচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।