ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে ভাড়াটিয়া হোটেলে ভাঙচুর, নগদ টাকা লুটের অভিযোগ

author
‎ ‎লালমোহন(ভোলা) প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ সকাল ৯:৫৫
ad003
ভোলার লালমোহনে বাজারের ভিটি ঘর  বিরোধের জেরে একটি ভাড়াটিয়া হোটেলে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ব্যবসায়ীর দাবি, তার মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা।
‎
‎শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার গজারিয়া পূর্ব বাজার এলাকার ‘মায়ের দোয়া হোটেলে এ ঘটনা ঘটে।
‎
‎হোটেল মালিক ভুক্তভোগী হানিফ সরদার অভিযোগ করে বলেন, তিনি গত তিন বছর ধরে গজারিয়া পূর্ব বাজার শান্তিপূর্ণভাবে হোটেল ব্যবসা পরিচালনা করে আসছেন। তার দাবি, ঘরের মালিক সুরেশ চন্দ্র রবি দাসের সঙ্গে পাশ্ববর্তী ফুলবাগিচা গ্রামের মিঝি বাড়ির মো. আজিজের জমি নিয়ে বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে আজিজ দীর্ঘদিন ধরে তাকে দোকান ছেড়ে দেওয়ার জন্য চাপ ও হুমকি দিয়ে আসছেন। বিষয়টি তিনি গজারিয়া ব্যবসায়ী সমিতিকেও অবহিত করেছিলেন।
‎
‎তার অভিযোগ, শুক্রবার সকালে মো. আজিজ কয়েকজনকে সঙ্গে নিয়ে লাঠিসোঁটা হাতে নিয়ে তাকে ও তার হোটেলে হামলা চালান। এ সময় দোকান ও চেয়ার-টেবিল ভাংচুর, রান্না করা খাবার ফেলে দেওয়া এবং ক্যাশে থাকা নগদ টাকা নিয়ে যায়। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন হানিফ সরদার।
‎
‎ঘরের মালিক সুরেশ চন্দ্র রবি দাস বলেন, ঘরটি তার নামে দলিলকৃত এবং সেখানে হানিফ সরদার ভাড়ায় হোটেল পরিচালনা করছেন। তার সঙ্গে মো. আজিজের জমি নিয়ে বিরোধ থাকলেও ভাড়াটিয়া ব্যবসায়ীর ওপর হামলার কোনো যৌক্তিকতা নেই। তিনি ঘটনার বিচার এবং ক্ষতিপূরণের দাবি জানান।
‎
‎তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মো. আজিজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
‎
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT