সুনামগঞ্জের ধর্মপাশা থানার কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হককে আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামালকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
আহ্বায়ক মো. আব্দুল হক ও সদস্য সচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল বলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য হাওরবন্ধু কামরুজ্জামান কামরুল এবং ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যার দিকনির্দেশনায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।
একই সঙ্গে তারা আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। তারা আরও বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হলো জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। এই লক্ষ্য বাস্তবায়নে এলাকার সচেতন নাগরিক, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে কাজ করা হবে।