পুরনো আইন দিয়ে বর্তমান পরিস্থিতিতে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, দীর্ঘদিন দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় মাদক কারবারিরা তাদের নেটওয়ার্ক গভীরভাবে বিস্তার করেছে। তাই মাদক নির্মূলে কার্যকর ও সময়োপযোগী নতুন আইন প্রণয়নে সরকার কাজ করছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধ্য সাগরদী জামে মসজিদের সামনে বামনী ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জাতীয় সংসদে নতুন মাদকবিরোধী আইন প্রণয়নের জন্য বিল আনা হয়েছে। একই সঙ্গে জুয়ার বিরুদ্ধে কঠোর আইনও করা হচ্ছে। সরকার দীর্ঘমেয়াদিভাবে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলমের সভাপতিত্বে এবং বাংলাদেশ আইন সমিতির সাংগঠনিক সম্পাদক ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া। এ সময় রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি এলাকায় মাদক সেবন ও বেচাকেনা, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ দমনে প্রশাসনের আরও কঠোর ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
কর্মসূচিতে এলাকার সচেতন নাগরিক, যুবসমাজ, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় ছাত্রসমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ সমাজ গঠনে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।