ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুমার খুতবার পর মোহনগঞ্জে সচেতনতামূলক মতবিনিময়, অপরাধ প্রতিরোধে ওসির আহ্বান

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ সকাল ১১:১৯
ad003
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বামের চর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে সমাজে অপরাধ প্রতিরোধ, নৈতিক মূল্যবোধ চর্চা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরা হয়।

শুক্রবার (১০ জুলাই) মোহনগঞ্জ থানার উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তা বলেন, পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে।

মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় জমিজমা সংক্রান্ত বিরোধ আদালত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দিয়ে তিনি মব জাস্টিস থেকে বিরত থাকার আহ্বান জানান। 

পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, অন্যের ধর্মীয় বিশ্বাসে আঘাত না করা, আত্মহত্যার ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ওরশ বা মাজারকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া মোবাইল ফোন ও অনলাইনভিত্তিক বিভিন্ন প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি উপস্থিত মুসল্লিদের সচেতন থাকার পরামর্শ দেন। সমসাময়িক বিভিন্ন সামাজিক ও আইনশৃঙ্খলা বিষয়েও তিনি বক্তব্য রাখেন।

মতবিনিময় সভার শেষে দেশ, জাতি এবং এলাকার শান্তি, উন্নয়ন ও সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করে বক্তব্য শেষ করা হয়।

এ সময় বামের চর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আনুমানিক ৩০০ থেকে ৪০০ জন মুসল্লি উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT