ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার লবণচরায় বিদেশি পিস্তল-গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

author
খুলনা ব্যুরো

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ দুপুর ৩:০০
ad003
খুলনা মহানগরীর লবণচরা থানার হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানি।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার হন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মাদারশি এলাকার মো. শুক্কুর হাওলাদার (৩৫) এবং খুলনার লবণচরা থানার হরিণটানা এলাকার মো. ইমরান খান (৩৭)।

র‍্যাব-৬ জানায়, অভিযানের সময় ইমরান খানের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় এসব আলামত জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক যাচাইয়ে জানা গেছে, গ্রেপ্তার হওয়া শুক্কুর হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানায় এবং ইমরান খানের বিরুদ্ধে খুলনার বটিয়াঘাটা থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দুই আসামি ও উদ্ধারকৃত আলামত লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৬।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT