ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেছারাবাদে মৃত্যুফাঁদ থেকে নিরাপদ পথ: প্রশংসায় ভাসছে ‘সবার আগে বলদিয়া’

author
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ সকাল ৬:১৯
ad003
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার প্রত্যন্ত জনপদের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ঘুচিয়ে আবারও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার আগে বলদিয়া’। নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ৪২ ফুট দৈর্ঘ্যের একটি জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ করে সংগঠনটি এবার সম্পন্ন করেছে তাদের ৭২তম জনকল্যাণমূলক কাজ।

শুক্রবার দিনভর বৈরী আবহাওয়া ও টানা বর্ষণ উপেক্ষা করে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাপিটানিয়া-লেবুবাড়ী সড়কে লেবুবাড়ী মন্দির সংলগ্ন খালের ওপর অবস্থিত ঝুঁকিপূর্ণ কাঠের পুলটি পুনর্নির্মাণ করেন সংগঠনটির সদস্যরা। এর ফলে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা কয়েকটি গ্রামের হাজারো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে পুলটির কাঠের পাটাতন নষ্ট হয়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো পথচারীদের। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হতো শিক্ষার্থী, নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দ্বারস্থ হয়েও কোনো কার্যকর সমাধান মেলেনি।

স্থানীয় সাবেক স্কুল শিক্ষক মোঃ এনামুল হক রতন বলেন, বলদিয়া ইউনিয়ন ছিল অবহেলিত। বিগত দিনে এখানে উন্নয়নের ছোয়া পড়েনি বলা যায়। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী সরাসরি এই এলাকার উন্নয়নে সংশ্লিষ্ট। পাশাপাশি সবার আগে বলদিয়া সেচ্ছাসেবি সংগঠনটি এলাকার উন্নয়নে অংশ নিচ্ছে। সবার আগে বলদিয়া টিম সর্বদা উন্নয়নের সাথে আছে।

সাবেক ইউপি সদস্য শুকলাল মিস্ত্রী বলেন, পুলটির অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে ছোট ছোট শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত মৃত্যুঝুঁকি নিয়ে পারাপার করত। কোনো যানবাহনও চলাচল করতে পারত না। নতুন করে পুলটি নির্মাণ হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় বাসিন্দা দীপেন চৌকিদার বলেন, এই পুলটি ছিল আমাদের এলাকার জন্য এক অভিশাপ। পার হতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে। অথচ কোনো জনপ্রতিনিধি সমস্যাটির সমাধানে এগিয়ে আসেননি। ‘সবার আগে বলদিয়া’ সংগঠনটি শুধু এই পুলই নয়, ইউনিয়নের অনেক ঝুঁকিপূর্ণ পুল পুনর্নির্মাণ করেছে। এমন সামাজিক সংগঠন থাকলে উন্নয়নের জন্য সবসময় জনপ্রতিনিধিদের দিকে তাকিয়ে থাকতে হয় না।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, এটি সংগঠনের ৭২তম জনকল্যাণমূলক উদ্যোগ। তিনি বলেন, “নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জননন্দিত বিএনপি নেতা মরহুম ওয়াহিদুজ্জামান ওয়াহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই পুলটি উৎসর্গ করেছি।”

এলাকাবাসীর মতে, সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে তরুণদের স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ উদ্যোগ গ্রামীণ জনপদের উন্নয়নে এক অনুকরণীয় দৃষ্টান্ত। মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও জনসেবার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয়দের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT