গোপালগঞ্জ শহরের একটি কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে প্রায় ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
আজ শনিবার (১১ জুলাই) দুপুরের দিকে শহরের বিসিক ব্রিজ এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো গোপালগঞ্জ থানা পুলিশ।
সদর থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে তল্লাশি চালিয়ে ছয়টি কার্টুনে রাখা দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের এসব নকল সিগারেট জব্দ করে। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
পুলিশ জানিয়েছে, বিভিন্ন দোকানে সরবরাহের উদ্দেশ্যে একাধিক জেলা থেকে এসব নকল সিগারেট কুরিয়ারে পাঠানো হয়েছে। এসব সিগারেট সরবরাহ নিতে এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে নকল সিগারেট বিক্রেতারা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।