বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির অষ্টম জাতীয় সম্মেলনে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সভাপতি ও অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরীকে সাধারণ সম্পাদক করে সম্মেলনের সাংগঠনিক পর্বে আগামী তিন বছরের জন্য ১৫১ সদস্যের কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়।
শনিবার (১১ জুলাই) সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির দফতর সম্পাদক অ্যাডভোকেট রাম চন্দ্র দাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনটির দীর্ঘদিনের দুটি বিভক্ত অংশ ফের ঐক্যবদ্ধ হয়েছে।
‘আইনের শাসন প্রতিষ্ঠা, স্বাধীন বিচার বিভাগ এবং মুক্তিযুদ্ধের আদর্শে সংবিধান পুনর্বহাল’– এই মূল দাবিগুলোকে সামনে রেখে এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে সারাদেশের অধিকাংশ জেলা আইনজীবী সমিতির প্রতিনিধিরা অংশ নেন। মুক্ত আলোচনায় অংশ নিয়ে তারা আইনজীবীদের অধিকার ও বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে জোরালো আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট মো. ইয়াহিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
উল্লেখ্য, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আন্তর্জাতিক সংগঠন ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক লয়ার্স (আইএডিএল)’-এর অধিভুক্ত একটি প্রতিষ্ঠান।