ঝালকাঠিতে পিছিয়ে পড়া ছয়টি পরিবারের স্বাবলম্বী হওয়ার পথে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে তাদের মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে। পৌরসভা ও শহর সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে দেওয়া এই সহায়তা পরিবারগুলোর জন্য স্থায়ী আয়ের নতুন সুযোগ তৈরি করবে বলে আশা সংশ্লিষ্টদের।
আজ রোববার (১২ জুলাই) সকালে ঝালকাঠি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ছয়জন সুবিধাভোগীর হাতে অটোরিকশার চাবি তুলে দেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। এ সময় তিনি বলেন, ৪ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত এই উদ্যোগের মূল লক্ষ্য পিছিয়ে পড়া মানুষকে কর্মসংস্থানের আওতায় এনে আত্মনির্ভরশীল করে তোলা।
রিক্সা বিতরন অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত উপ-পরিচালক মো. মিজান সালাহউদ্দিন ও শহর সমাজসেবা কর্মকর্তা খান জসীম উদ্দীন উপস্থিত ছিলেন।
অটোরিকশা হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত সুবিধাভোগীরা। তাদের প্রত্যাশা, এই সহায়তা বদলে দেবে পরিবারের অর্থনৈতিক বাস্তবতা এবং নিশ্চিত করবে সম্মানজনক জীবিকার পথ।