জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামে বাড়ির সামনে খলিয়ানে বাঁধা একটি গরু দিনের বেলায় চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। পাশের আক্কেলপুর উপজেলার পালশা এলাকায় চিরি নদী পার হওয়ার সময় গরুসহ তাঁকে আটক করা হয়। পরে গণপিটুনির শিকার হওয়া ওই ব্যক্তিকে উদ্ধার করে চোরাই গরুসহ থানায় নিয়ে যায় পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি শফিকুল ইসলাম ওরফে নুর আলম (৫৫)। তিনি জয়পুরহাট সদর উপজেলার হানাইল দীঘিরপাড় গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি একজন পেশাদার গরু চোর। তাঁর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় গরু চুরির একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহব্বতপুর গ্রামের বাসিন্দা রুহুল আমিন প্রতিদিনের মতো শনিবার সকালে বাড়ির সামনে খলিয়ানে দুটি গরু বেঁধে রাখেন। প্রায় দুই ঘণ্টা পর একটি গরু দেখতে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। এদিকে অভিযুক্ত গরুটি নিয়ে পাশের আক্কেলপুর উপজেলার পালশা এলাকার দিকে চলে যায়।
চিরি নদী পার হওয়ার সময় গরুসহ অপরিচিত ওই ব্যক্তিকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। গরুর মালিকানা সম্পর্কে জানতে চাইলে তিনি গরুটি নিজের বলে দাবি করেন। এরই মধ্যে মহব্বতপুর গ্রাম থেকে গরু চুরির খবর পালশা এলাকায় পৌঁছে যায়। স্থানীয়রা গরুর মালিক রুহুল আমিনকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে গরুটি নিজের বলে শনাক্ত করেন।
এরপর স্থানীয়রা অভিযুক্তকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতার মারধরের শিকার হন তিনি। খবর পেয়ে আক্কেলপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে চোরাই গরুসহ থানায় নিয়ে যায়।
গরুর মালিক রুহুল আমিন বলেন, “প্রতিদিনের মতো সকালে গোয়ালঘর থেকে গরু বের করে বাড়ির সামনে খলিয়ানে বেঁধে রেখেছিলাম। পরে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ি। কিছুক্ষণ পর এসে দেখি একটি গরু নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারি, পাশের আক্কেলপুর উপজেলার পালশা গ্রামে গরুসহ একজনকে আটক করা হয়েছে। সেখানে গিয়ে আমার গরুটি শনাক্ত করি।”
পালশা গ্রামের বাসিন্দা ফজলুর রহমান বলেন, “অপরিচিত একজনকে গরু নিয়ে নদী পার হতে দেখে আমাদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের সময় তাঁর কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। পরে স্থানীয়রা তাঁকে আটক করেন। কিছুক্ষণের মধ্যেই গরু চুরির খবর এলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।”
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ ওসি মোক্তারুল আলম জানান, দিনের বেলায় বাড়ির সামনে থেকে একটি গরু চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় চোরাই গরুসহ অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় ক্ষেতলাল থানায় মামলা দায়ের হয়েছে।