ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী কোর্টে সাক্ষী দিতে বাধা ও পথ আটকে হুমকি-ধমকি, থানায় জিডি

author
বাঘা(রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ দুপুর ২:৪১
ad003
রাজশাহীর আদালতে সাক্ষী দিতে যাওয়ার পথে বাদী ও সাক্ষীদের পথ আটকিয়ে হুমকি-ধমকি ও গালিগালাজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জিডির তথ্য সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার ঝিনা সরকারপাড়া গ্রামের মৃত জহির সরকারের ছেলে জয়নাল (৬৫) এবং মৃত নৈয়ব সরকারের ছেলে ফজলু (৫) এর বিরুদ্ধে জিডিটি করেছেন একই উপজেলার ঝিনা গ্রামের সালমা আক্তার। জিডি নং- ৫৫৭, তারিখ: ১১/০৭/২০২৬।

জিডিতে সালমা আক্তার উল্লেখ করেন, তার মেয়ে মোছা: শিলা আক্তারকে ধর্ষণের ঘটনায় ২০২৫ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে বাঘা আমলি আদালতে একটি মামলা দায়ের করেন।

ওই মামলার সাক্ষ্য দেওয়ার জন্য গত ০২/০৭/২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টার দিকে তিনি তার মেয়েসহ সাক্ষী সেলেনা বেগম এবং এরশাদকে সাথে নিয়ে রাজশাহী আদালতের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে আড়ানী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগেই আড়ানী রেলওয়ে সড়কের ফাঁকা স্থানে আসামিরা তাদের পথ আটকায়। এসময় তারা মামলার সাক্ষ্য দিতে নিষেধ করে এবং বিভিন্ন ধরনের গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। এতে ভীত হয়ে তারা আদালতে গিয়ে সাক্ষ্য দিতে পারেননি বলে জিডিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে নিরাপত্তা চেয়ে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বাঘা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয়ে বাঘা থানার ওসি জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT