বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিস কক্ষে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী দ্বারা মব সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয়তাবাদী চিকিৎসক সংগঠন ড্যাব বরিশালের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ও সদস্যগণ। রোববার (১২ জুলাই) সাবেক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ একেএম আমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে মবকারীদের উপযুক্ত বিচার দাবী করেছেন।
ড্যাবের প্রায় অর্ধশত সাবেক ও বর্তমান সদস্যর স্বাক্ষরিত প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুলাই শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী যারা কিনা বিগত দিনে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলো তারা বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিস কক্ষে তালা দিয়ে নবনিযুক্ত পরিচালক ডাঃ মনিরুজ্জামান শাহীনকে অফিস থেকে বের হয়ে যেতে বাধ্য করে। এই মবের নেতৃত্ব দেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা ড্যাবের সভাপতি ডাঃ নজরুল ইসলাম সেলিম। বিবৃতিতে দাবি করা হয়, এই মবে ছাত্রদের মধ্যে যারা নেতৃত্বে ছিলেন তাদের বেশির ভাগই ছাত্রলীগের নেতাকর্মী ছিল। যার প্রমাণস্বরূপ অনেক ভিডিও ও ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যেই মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের নেতিবাচক অবস্থান এবং সে মোতাবেক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তা সত্বেও বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর অফিসে সংঘটিত ঘটনা মাননীয় প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারের নীতিগত ও নৈতিক অবস্থানকে চ্যালেঞ্জ করেছে। এতে সরকারের ভাবমূর্তি দারুনভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে এ জাতীয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংঘটিত এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সকল সম্পৃক্তদের বিরুদ্ধে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টিসহ সংঘটিত সকল ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার মধ্য দিয়ে মব সন্ত্রাস বাংলাদেশ থেকে নির্মূল করার জোর দাবী জানানো হয় বিবৃতিতে।