বাগেরহাট সদর উপজেলায় পৃথক অভিযানে মোট ৩৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬, সদর কোম্পানি।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের "জিরো টলারেন্স" নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় রোববার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট পৌরসভার দশানী এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ১১ কেজি গাঁজাসহ মংলা উপজেলার খরখরিয়া এলাকার বিভাস মণ্ডলের ছেলে মিঠু মণ্ডল (২১) এবং মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাটা এলাকার বেদার ফকিরের ছেলে ইয়াসিন ফকির (২৫)-কে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকায় মিঠু মণ্ডলের বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে আরও ২২ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব।
এ নিয়ে দুই অভিযানে মোট ৩৩ কেজি গাঁজা জব্দ করা হয়।
র্যাব-৬ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উদ্ধার করা আলামতসহ বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।