বিগত এক সপ্তাহের অধিক সময় ধরে ভারী বর্ষণে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছিল।
গতকাল রবিবার (১২ জুলাই) পর্যন্ত হ্রদের পানি ১ শত ফুট মিন সি লেভেল এর নীচে থাকলেও আজ সোমবার ( ১৩ জুলাই) সকাল হতে হ্রদের পানি ১ শত ফুট মিন সি লেভেল অতিক্রম করেছে, সেই সাথে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন ২শত মেগাওয়াট ছাড়িয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সোমবার (১৩ জুলাই) সকাল ১০ টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, আজ সোমবার সকাল ৯ টায় পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির লেভেল ছিল ১০০.৬০ ফুট মিন সি লেভেল। যেখানে গতকাল রবিবার রাত পর্যন্ত পানির লেভেল ছিল ৯৯.১৫ ফুট মিন সি লেভেল। তিনি আরোও বলেন, কেন্দ্রের ৫ টি ইউনিট হতে আজ সোমবার সকাল ৯ টা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ৬ মেগাওয়াট। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন, এর আগে গত বছরের নভেম্বর মাস পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ২ শত মেগাওয়াট ছাড়িয়ে গেলেও হ্রদে পানি স্বল্পতায় গত বছরের ডিসেম্বর হতে বিদ্যুৎ উৎপাদন ২ শত মেগাওয়াট এর নীচে চলে আসে।
এদিকে কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীদের সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান, আজ সোমবার সকাল ৯ টা পর্যন্ত কেন্দ্রের ১ নং, ৩ নং, ৪ নং এবং ৫ নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ১ শত ৬০ মেগাওয়াট এবং ২ নং ইউনিট হতে ৪৬ মেগাওয়াট েবিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫ টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।