ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের অভিযোগে যুবক গ্রেপ্তার, এলাকাজুড়ে চাঞ্চল্য

author
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ সকাল ৮:১৪
ad003
ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার চাপালি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চাপালি গ্রামের মো. দাউদ হোসেনের ছেলে ইব্রাহিম (২১)কে নিমতলা এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, "মোটরসাইকেল চুরি ও এ ধরনের সংঘবদ্ধ অপরাধকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। অপরাধ দমনে পুলিশ সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।"

কয়েকজন ভুক্তভোগী জানান, অনেকেই দীর্ঘদিনের সঞ্চয় কিংবা ঋণ নিয়ে মোটরসাইকেল কেনেন। আবার অনেকে ব্যবসা, চাকরি ও দৈনন্দিন প্রয়োজনে মোটরসাইকেলের ওপর নির্ভরশীল। মোটরসাইকেল চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বড় ধরনের আর্থিক ও মানসিক ভোগান্তির মুখে পড়তে হয়। তাই এ ধরনের অপরাধ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গেই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে মোটরসাইকেল চুরির ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশের এ অভিযানকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন এবং চোর চক্রের অন্যান্য সদস্যদেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত আছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT