ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বর্ষণে জলমগ্ন কালীগঞ্জ শহর, জলাবদ্ধতায় স্থবির জনজীবন

author
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ সকাল ৮:৩০
ad003
টানা বর্ষণে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। রাতভর শুরু হওয়া অঝোর বৃষ্টিতে শুক্রবার (১০ জুলাই) সকাল থেকেই শহরের প্রধান সড়ক, অলিগলি, মাঠ-ঘাট এবং নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতার কারণে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও দৈনন্দিন কার্যক্রমেও ব্যাপক প্রভাব পড়েছে।

শহরের বিভিন্ন এলাকায় দেখা যায়, সড়কের ওপর হাঁটুসমান পানি জমে থাকায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পানি নিষ্কাশনের ড্রেন উপচে ময়লা-আবর্জনামিশ্রিত নোংরা পানি রাস্তায় উঠে আসায় পথচারীদের দুর্ভোগ আরও বেড়েছে।

সকালের কাঁচাবাজারেও ছিল ভিন্ন চিত্র। অধিকাংশ দোকান খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি ছিল খুবই কম। ফলে ব্যবসায়ীরা বিক্রি কমে যাওয়ায় আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। বাকুলিয়া, খয়েরতলা, ব্র্যাক অফিস পাড়া, কলেজপাড়া, গোহাটা, শিবনগর ও আড়পাড়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও কাদার কারণে যাতায়াত ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।

বিশেষ করে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাকুলিয়া ব্র্যাক অফিসের পেছনের এলাকায় রাস্তার ওপর পুরু কাদা ও হাঁটুসমান পানি জমে থাকায় বাসিন্দাদের ঘর থেকে বের হওয়া কিংবা বাড়ি ফেরা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, অপর্যাপ্ত পানি নিষ্কাশন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবের কারণে সামান্য বৃষ্টিতেই কালীগঞ্জ শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বছরের পর বছর ধরে এ সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ পরিস্থিতির সত্যতা নিশ্চিত করে বলেন, "পৌর এলাকার পানি নিষ্কাশনের কার্যক্রম সবসময়ই চলমান থাকে এবং এখনো আমাদের কাজ চলতেছে। বর্তমানে কলাহাটা এলাকায় ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের কাজ করা হচ্ছে। জনভোগান্তি কমাতে প্রশাসন তৎপর রয়েছে।"

এদিকে টানা বৃষ্টির কারণে আবহাওয়া অনুকূলে না এলে জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা দ্রুত ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT