ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে কাল

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৭
ad003
মঙ্গলবার (১৪ জুলাই) মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হবে দিবসটি। দিবসটি উপলক্ষে নিজ জন্মস্থান টাঙ্গাইল জেলার কালিহাতিতে মঙ্গলবার স্মরণ সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২০২০ সালের ১৪ জুলাই ৭৭ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।

জানা গেছে, দিবসটি উপলক্ষে শাজাহান সিরাজ ফাউন্ডেশন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ এবং শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করা হবে। ঢাকা ও টাঙ্গাইলের কালিহাতীতে কোরআনখানি, দুঃস্থ শিশুদের মধ্যে খাদ্য বিতরণ, কালিহাতীর বিভিন্ন ইউনিয়নের মসজিদ ও মন্দিরগুলোতে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়া শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সকালে কালিহাতীতে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণের ‘রাবেয়া সিরাজ একাডেমিক ভবন হলরুম’-এ সকাল ১০টায় এক বিশেষ স্মরণসভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শাজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এবং মরহুমের কন্যা সুপৃম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি মো. লুৎফর রহমান মতিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন কলেজের দাতা সদস্য ও পরিচালনা পরিষদের প্রতিনিধি রাবেয়া সিরাজ। এছাড়া জাতীয় ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেবেন।

ঐতিহাসিক ছাত্রনেতা শাজাহান সিরাজ ৬৬-এর ছয় দফা ও ৬৯-এর গণঅভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে ছাত্র-জনতার উত্তাল সমাবেশে তিনি মহান স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। তিনি স্বাধীনতার পর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন এবং পরবর্তীতে বিএনপির জাতীয় রাজনীতিতে যুক্ত হন।

তিনি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে পাচ বার এমপি নির্বাচিত হন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে সরকারের নৌ পরিবহণ প্রতিমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 

শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। কালিহাতী ছাড়াও দিনটি উপলক্ষ্যে পারিবারিকভাবে বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT