খুলনা মহানগরীর লবণচরা থানা পুলিশ অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১৩ জুলাই) রাত ৮টা ২০ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকার একটি মেডিকেল হলের সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রূপসা উপজেলার মিল্কি দেহারা এলাকার মো. সিমবাদ চৌধুরী (২৮) এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী এলাকার বাসিন্দা মো. রুবেল হাওলাদার (৩১)। রুবেল বর্তমানে খুলনা সদর থানার বড় বাজার রেলস্টেশন এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম ও লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনের কাছ থেকে বড় স্বচ্ছ পলিথিনে স্কচটেপে মোড়ানো ১১টি প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়।
প্রতিটি প্যাকেটের ওজন ছিল ২ কেজি করে। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ২২ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮০ হাজার টাকা।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন মামলা রয়েছে। সিমবাদ চৌধুরীর বিরুদ্ধে ২০২৫ সালে দৌলতপুর থানায় খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে একটি মামলা রয়েছে।
এছাড়া রুবেল হাওলাদারের বিরুদ্ধে ২০১৩ সালে বটিয়াঘাটা থানায় চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছিল।
লবণচরা থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন।