ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণে চৌদ্দগ্রামে ব্র্যাকের উপজেলা কর্মশালা

author
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ সকাল ৮:০৬
ad003
অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ, নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সেবার সমন্বয় জোরদারের লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা পর্যায়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) চৌদ্দগ্রাম উপজেলায় সুইজারল্যান্ডের সহায়তায় এবং ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘বাংলাদেশে অভিবাসী শ্রমিকদের পুনরেকত্রীকরণ’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের মনোসামাজিক কাউন্সেলিংসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে উঠলে বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ আরও সহজ ও কার্যকর হবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ব্র্যাক এ কার্যক্রমের পরিধি ও প্রচার আরও বিস্তৃত করবে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে গিয়ে অনেক বাংলাদেশি অভিবাসী অমানবিক নির্যাতনের শিকার হন। তাদের একটি বড় অংশ অদক্ষ বা অনিয়মিত অভিবাসনের মাধ্যমে বিদেশে গিয়েছিলেন। দেশে ফিরে অনেকে উপার্জিত অর্থ যথাযথভাবে বিনিয়োগ করতে না পারায় পুনরায় অর্থনৈতিক সংকটে পড়েন। তাই বিদেশফেরত অভিবাসীদের অধিকার সংরক্ষণ এবং সফল পুনরেকত্রীকরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা বিদেশফেরত অভিবাসীদের জন্য বিদ্যমান সরকারি সেবা ও সহায়তা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান, নির্ধারিত বয়সসীমার কারণে সব আবেদনকারীকে প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হয় না। তবে যেসব উদ্যোক্তার মাসিক আয় ৫০ হাজার টাকার বেশি, তারা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ৫ শতাংশ সুদে ঋণ গ্রহণের সুযোগ পাবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, বিদেশফেরত অভিবাসীরা কৃষিভিত্তিক উদ্যোগ গ্রহণে আগ্রহী হলে কৃষি বিভাগ পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে কারিগরি সহায়তা প্রদান করবে। তিনি সফল উদ্যোক্তা হওয়ার জন্য সঠিক পরিকল্পনা, স্থায়ী অবকাঠামো নির্মাণ এবং জৈব সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি জানান, তাদের দপ্তরে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তা হিসেবে ব্যবসা শুরু করলে ১০ হাজার থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাওয়া যায়। এছাড়া ১৮ থেকে ৪৫ বছর বয়সী নারীরা এসব প্রশিক্ষণে অংশ নিতে পারেন। দপ্তরটি মাতৃত্বকালীন ভাতা ও বিভিন্ন সামাজিক সেবাও প্রদান করে থাকে।

প্রধান অতিথি শাহাদাৎ হোসেন আরও বলেন, বিদেশফেরত অভিবাসীদের জন্য ব্র্যাকের মনোসামাজিক সহায়তা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এ ধরনের সমন্বিত কর্মশালার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিদেশফেরত অভিবাসীদের বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে অবহিত করার উদ্যোগ গ্রহণ করায় তিনি ব্র্যাককে ধন্যবাদ জানান।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের এমআরএসসি কো-অর্ডিনেটর মো. তানভীর হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের কুমিল্লা এমআরএসসি-এর কো-অর্ডিনেটর ইব্রাহিম খলিল।

এ সময় উপজেলার অভিবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিদেশফেরত অভিবাসী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT