রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
আজ বুধবার (১৫ জুলাই) সকালে আলু বাজার এলাকার একটি সেলুনে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- নাপিত সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬) ও আরমান (৩৭)। কাস্টমার মো. ফারুক (৩৫), রিনকো (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫) ও সাকিব (১৭)।
রাত ১টার দিকে হঠাৎ করেই সেলুনের এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় সেলুনে থাকা সবাই আগুনে দগ্ধ হন। ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বংশাল আলু বাজার এলাকা থেকে দগ্ধ হয়ে ১০ জন হাসপাতালে এসেছে। এদের মধ্যে সামশেদের শরীরের ১৫ শতাংশ, ফারুকের ৫০ শতাংশ, রিনকোর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ ও সাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।