বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (NTRCA) ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীরা শতভাগ শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে আজ ১৫ জুলাই বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কে স্মারকলিপি প্রদান করেছেন।
এ সময় ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিতদের পক্ষে খোরশেদ আলম, রাকিব হাসান ও মোঃ নূরুতুবুল আলমসহ কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।স্মারকলিপিতে সুপারিশবঞ্চিত প্রার্থীরা বৈষম্য দূরীকরণ এবং ই-রিকুইজিশনের মাধ্যমে বিষয়ভিত্তিক বঞ্চিত অনুপাতে শতভাগ শূন্যপদ যুক্ত করে দ্রুত একটি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন।
বৈষম্যমূলক ‘৭৫% কলেজ সংরক্ষণ নীতি’ বাতিলের দাবি জানিয়ে স্মারকলিপিতে চাকরিপ্রার্থীরা অভিযোগ করেন, সম্প্রতি NTRCA ১৯তম শিক্ষক নিবন্ধনের শূন্যপদ থেকে স্কুলে শতভাগ এবং কলেজে ৭৫% পদ (সর্বমোট ৬,১৯২টি) সংরক্ষণের যে খসড়া প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে, তা সাধারণ প্রার্থীদের জন্য চরম হতাশাজনক। একে তারা "বাস্তব বৈষম্য" হিসেবে আখ্যায়িত করেছেন।
বঞ্চিত প্রার্থীরা ৩ দফা দাবি পেশ করেন ।
তিন দফা দাবি হলো:
১) বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ: আর যেন কোনো প্রার্থী বঞ্চিত না হন, সেজন্য ই-রিকুইজিশনের মাধ্যমে বঞ্চিত অনুপাতে বিষয়ভিত্তিক শতভাগ শূন্যপদ যুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে হবে।
২) নতুন সার্কুলার স্থগিতকরণ: যেসকল বিষয়ে সুপারিশবঞ্চিত প্রার্থীদের সংখ্যা শূন্যপদের চেয়ে বেশি রয়েছে, সেসকল বিষয়ে এই বঞ্চিত প্রার্থীদের নিয়োগের পূর্বে নতুন কোনো সার্কুলার প্রকাশ করা যাবে না।
৩) শতভাগ নিয়োগ নিশ্চিতকরণ: সনদের মেয়াদ এবং বয়স সময়সীমার মধ্যে থাকা সাপেক্ষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত সহকারী শিক্ষক, স্কুল পর্যায়-২ এবং প্রভাষক পদের সবাইকে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে।
তারা আশা প্রকাশ করেন, শিক্ষা মন্ত্রণালয় অতি দ্রুত তাদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করে কয়েক হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ সুনিশ্চিত করবে।