ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ইং | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

author
কালিগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ সকাল ৯:৩৯
ad003
'জুলাই শহীদ দিবস ২০২৬' উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, পৌর বিএনপি নেতা বাবুল আক্তার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন এবং সাংবাদিক শাহজাহান আলী সাজু।

এছাড়াও অনুষ্ঠানে জুলাই আন্দোলনের যোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু তালিব বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন, ২০২৪ সালের জুলাই আন্দোলন, শাপলা চত্বর ও পিলখানাসহ বিভিন্ন সময়ে সংঘটিত সহিংস ঘটনায় যারা প্রাণ দিয়েছেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে দেশের শান্তি, ঐক্য, সম্প্রীতি ও সমৃদ্ধি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হামিদুল ইসলাম হামিদ তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, ভাষা আন্দোলন, নব্বইয়ের গণআন্দোলন, পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরের ঘটনা এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি দেশের উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সরকারের উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা রুহুল আমিন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT