ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সফিক মিয়া, ৪২ নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার দিনগত রাত ১ টার দিকে আখাউড়া চেকপোস্ট এলাকার বঙ্গের চর মসজিদের পূর্ব দিকে সড়কের পাশে বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা ঘটে।
পরে স্থানীয় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা সহকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সফিক মিয়া কেন্দুয়াই গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র। পরিবারের অভিযোগ, রাত ১ টার দিকে ওই এলাকার হেলাল মিয়া ও জহির মিয়া নামে দুই ব্যক্তি সফিক মিয়াকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের ভাগিনা সোহাগ মিয়া বলেন হেলাল মিয়া ও জহির মিয়া ভেকু দিয়ে বালু উত্তোলন করার সময় বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে যায়। রাত ১ টার ছেঁড়া তার মেরামত করার জন্য মামাকে জোর করে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে শুনি তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে। তার জেনে বুঝে আমার মামাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
এ ব্যাপারে কেন্দুয়াই গ্রামের আতিকুল ইসলাম বলেন, আমি রাতে ফুটবল খেলা দেখার জন্য গাজীর বাজারে ছিলাম। হঠাৎ দেখি হেলাল মিয়া ও জহির মিয়া মোটরসাইকেলে করে সফিক মিয়াকে নিয়ে পূর্ব দিকে যাচ্ছে। কিছুক্ষণ পরেই দেখি সফিক মিয়াকে সিএনজি দিয়ে হাসপাতাল নিয়ে যাচ্ছে। বললো বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে। আমিও হাসপাতালে যাই। চিকিৎসক দেখার পর মৃত ঘোষণা করেন।
এদিকে বক্তব্য নেয়ার জন্য হেলাল মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেনি।
এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ উল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বেলা ২ টা পর্যন্ত মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।