ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ইং | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদ দিবসে আত্মত্যাগের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়

author
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ দুপুর ২:১০
ad003
জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জঙ্গি। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন, সাংবাদিক মো: সেলিম রেজা (স্টাফ রিপোর্টার) বাংলাদেশ বুলেটিন জুলাই যোদ্ধা আব্দুর রাহিম, আহত জুলাই যোদ্ধা সাগর, জুলাই আন্দোলনে নিহত তারেকের বাবা, জেলা জামায়াতে ইসলামীর আমির আবু জার গিফারি, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক) এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান।

এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জঙ্গি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অমূল্য প্রেরণা। তাঁদের ত্যাগের চেতনাকে ধারণ করে ন্যায়, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, শহীদদের স্মরণ করা শুধু আনুষ্ঠানিকতা নয়, তাঁদের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই প্রকৃত সম্মান জানানো সম্ভব। আইন, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জেলা সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন বলেন, জাতির সংকটময় সময়ে আত্মত্যাগকারীদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আলোচনা সভায় অন্যান্য বক্তারাও জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের আগে ফুড অফিস মোড়ে জুলাই স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন অতিথিরা। জুলাইয়ের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT