ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের শোকসভা অনুষ্ঠিত

author
জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১৭
ad003
বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক প্রয়াত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্মরণে “রাষ্ট্রভাষা বাংলা উন্নয়ন কমিটি”র উদ্যোগে শোকসভা  বুধবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর বাংলা একাডেমির ড. এনামুল হক ভবনের কবি আল মাহমুদ লেখক কর্ণারে অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট বুদ্ধিজীবী, ৬৯ এর গণ—অভ্যুত্থানের মহানায়ক অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ'র সভাপতিত্বে এবং রাষ্ট্রভাষা বাংলা উন্নয়ন কমিটি 'র প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সৈয়দ হারুন-অর-রশীদ এর পরিচালনায় অনুষ্ঠিত শোকসভার শুরুতেই প্রয়াত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

শোকসভায় প্রয়াত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি এডভোকেট হাসনাত কাইয়ুম, সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের সাধারণ সম্পাদক আফজালুল বাশার, রাষ্ট্রভাষা বাংলা উন্নয়ন কমিটি ভারপ্রাপ্ত সভাপতি কবি কামরুজ্জামান, অধ্যাপক মোর্শেদ শফিউল হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক মাহবুব বোরহান, বাংলাদেশের স্বাধীনতা পার্টি’র সভাপতি আঃ গফুর মিয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ মাহবুব) এর সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ ভূইয়া, বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল)’র সাধারণ সম্পাদক মোঃ হানিফুল কবির, স্বদেশ চিন্তা সংঘের সাধারণ সম্পাদক কবি হাসান ফকরী, সমাজ চিন্তা ফোরামের আহবায়ক কামাল হোসেন বাদল, বাংলাদেশ ন্যাপ এর মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. চিন্ময় হাওলাদার, রাষ্ট্রভাষা বাংলা উন্নয়ন কমিটি'র সহ-সভাপতি সৈয়দ জিয়াউল হক জিয়া,শহীদ ভাষা সৈনিক আব্দুল জব্বারের নাতনী আফরোজা বেগম, প্রচার সম্পাদক এম. এম মাসুদ, মহিলা সম্পাদিকা কবি ও সাংবাদিক রেহানা সুলতানা, রাষ্ট্রভাষা বাংলা উন্নয়ন কমিটির সদস্য এম. এম ওবায়দুল্লাহ জয়, প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান, আব্দুর রহমান খান রাজিব, ইবনুল সাঈদ রানা, অলোক চৌধুরী, বকুল ইমাম প্রমূখ। 

সভাপতির বক্তব্যে অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন,“পূর্ববাংলা ছাত্র ইউনিয়ন নেতা ছিলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। ১৯৫২ সালের রাষ্ট্রভাষা বাংলা আন্দোলনের মাধ্যমে তাঁর দেশপ্রেম ও রাজনীতির প্রতি  আগ্রহ শুরু হয়। আবুল কাসেম ফজলুল হক ভাই প্রকৃত অর্থেই একজন খাঁটি দেশপ্রেমিক চিন্তাবিদ। তাঁর মৃত্যুর মধ্যে দিয়ে বুদ্ধিবৃত্তিক যে শূন্যতা সৃষ্টি হলো, তা জাতির জন্য পূরণ হবার নয়।”


রাষ্ট্রভাষা বাংলা উন্নয়ন কমিটি’র সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশীদ বলেন, “আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের অসমাপ্ত কাজগুলো আমরা সকলে মিলে সমাপ্ত করবো। বিশিষ্ট সমাজ ও রাষ্ট্রচিন্তক আবুল কাসেম ফজলুল হকের জন্য জাতীয়ভাবে শোকসভা পালন করার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, স্যারের প্রণীত ‘আমাদের মুক্তি ও উন্নতির কর্মসূচি ২৮ দফা, সর্বজনীন গণতন্ত্র প্রতিষ্ঠা, সর্বস্তরে রাষ্ট্রভাষা বাংলা প্রচলনের আকাঙ্খা ও চেষ্টা এবং একটি স্মারকগ্রন্থ’ ইত্যাদি কাজগুলো আমরা সমাপ্ত করবো।”

আলোচক রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি এডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, “ ফজলুল হক স্যার যে ঘরানার চিন্তা করতেন, তাহলো একাডেমিকের বাইরে কোনো কাজ তিনি করেন নাই। আবুল কাসেম ফজলুল হক তাঁর দর্শনের জায়গা থেকে চুল পরিমানও নড়েন নাই।”

শোকসভায় সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের সাধারণ সম্পাদক আফজালুল বাশার বলেন, “অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের রাজনীতি সমাজতন্ত্র দিয়ে শুরু,কিন্তু শেষ অবধি সমাজতন্ত্র থেকে সড়ে এসে সর্বজনীন গণতন্ত্রের কথা বলেছেন।”

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক মাহবুব বোরহান আবুল কাসেম ফজলুল হকের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “স্যারের সঙ্গে আমার অনেক কথা হয়েছে।তাঁর সাথে প্রশ্ন করা যেত।কোনো সময় রাগ করে কথা বলতে দেখিনি।”

শোকসভায় উপস্থিত বক্তারা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মৃতিচারণ করতে গিয়ে অভিন্ন ভাষায় বলেন,”তিনি একটি কথায় সারাজীবন মানুষের মাঝে বেঁচে থাকবেন।তা হলো ‘আমি বিচার চাই না, মানুষের শুভবুদ্ধির উদয় হোক’। প্রয়াত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন একজন বিশিষ্ট দার্শনিক, সাহিত্যক,  মানবপ্রেমী, সমাজ ও রাষ্ট্রচিন্তক ব্যক্তিত্ব যিনি জাতির কাছে একজন 'সোনার মানুষ '। তিনি আরও বলতেন, ভারতীয় আধিপত্যবাদ যতোনা ক্ষতিকর, তার চেয়ে বেশি  ক্ষতিকারক আমেরিকা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT