স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়। আমরা চাই না ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই কোন হাতিয়ারে পরিণত হোক।
আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দিন আহমেদ এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা একসাথে জুলাই সনদ স্বাক্ষর করেছি। গণভোটের একটা অংশ নিয়ে আমাদের সাথে কোন আলোচনাই হয়নি। উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্বের বিষয়ে আমরা একমত হইনি। এবং সে সময় আমি বক্তব্য দিয়েছিলাম যে জাতির সাথে প্রতারণা করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন আমাদের কনসেন্ট ছাড়াই জুলাই সনদে সে কথাগুলো নিয়ে এসেছেন।
তিনি বলেন, আমরা বরাবর বলে এসেছি সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনো বলি নাই। আমরা দেশে সংস্কার এনেছি। একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনের বিষয়টি দেশে বিএনপি নিয়ে এসেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে পার্লামেন্টে সারারাত কাজ করে আমরা নিয়ে এসেছি। আজকে যখন সংস্কারের কথাগুলো বলা হয় জনগণকে বিভ্রান্ত করার জন্যই বলা হয় বলে আমি মনে করি।
মির্জা ফখরুল বলেন, আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি তখন আমরা চেষ্টা করেছি সকল শিক্ষিত, বুদ্ধিজীবীদের এক কাতারে আনার জন্য। যেন তারা কথা বলেন। আল্লাহর কাছে অশেষ রহমত আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ পেয়েছি। এই সুযোগের পর আমরা স্বপ্ন দেখছি দেশে সত্যিকারের একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলবো।