নেত্রকোণা শহরের পূর্ব চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৭ জুলাই) রাত প্রায় ৯টা ৪০ মিনিটে নেত্রকোণা মডেল থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা মডেল থানার এসআই (নিঃ) মো. মোশারফ হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে পূর্ব চকপাড়া নূর মসজিদের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।
অভিযানে আটক হন পূর্ব চকপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মো. ফয়সাল আহম্মেদ ওরফে বাবু (৩১)। এ সময় তার কাছ থেকে ২৯ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার ওজন ৪ দশমিক ৫ গ্রাম।
একই অভিযানে আটক করা হয় একই এলাকার মৃত নুরু মিয়ার ছেলে মো. শাহজাহান ওরফে মেরী শাহজাহান (৫৬)-কে। তার কাছ থেকে ১২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার ওজন ২ গ্রাম।
পুলিশ জানায়, দুইজনের কাছ থেকে উদ্ধার করা মোট ৪১ পুরিয়া হেরোইনের ওজন ৬ দশমিক ৫ গ্রাম। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ধারায় নেত্রকোণা মডেল থানায় মামলা (নং-২৪, তারিখ: ১৭ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, “মাদকের বিরুদ্ধে নেত্রকোণা জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুইজনকে হেরোইনসহ আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে মাদক কারবারে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”