ময়মনসিংহের ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে এক যুবক ও তাঁর মাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। পরে বিক্ষুব্ধ জনতা তাঁদের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে তিনটি পাকা বসতঘর, চারটি টিনশেড ঘর, একটি রান্নাঘর এবং একটি মোটরসাইকেল পুড়ে যায়।
শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামের মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের দুই থেকে তিনটি গ্রামের মানুষ একত্রিত হলে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন আওলাতলী গ্রামের জামাল উদ্দিন ওরফে জামাল ড্রাইভারের ছেলে পারভেজ মিয়া (২৫) এবং তাঁর মা পারভীন আক্তার (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের মাইকে ঘোষণার পর প্রায় এক হাজার মানুষ জামাল উদ্দিনের বাড়ির সামনে জড়ো হন। পরে গ্রামবাসী পারভেজ ও তাঁর মা পারভীন আক্তারকে আটক করে ভালুকা মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।
এলাকাবাসীর অভিযোগ, পারভেজ, তাঁর মা পারভীন আক্তার এবং জামাল ড্রাইভারের শ্যালক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। এ বিষয়ে তাঁদের একাধিকবার সতর্ক করা হলেও তাঁরা মাদক কারবার বন্ধ করেননি। ফলে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ তৈরি হয়। তাঁদের দাবি, মাদকের কারণে এলাকার অনেক কিশোর ও তরুণ আসক্ত হয়ে পড়ছে।
স্থানীয়দের ভাষ্য, পারভেজের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া যায়। পরে অগ্নিসংযোগের ঘটনায় সেই মাদকের একটি অংশও আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা-ছেলেকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থল ছেড়ে চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শফিকুল ইসলাম (শফি) বলেন, 'সারাদেশে মাদক নির্মূলে সরকারের যে উদ্যোগ রয়েছে, তারই অংশ হিসেবে এলাকাবাসী একত্রিত হয়েছে। পরে অভিযুক্তদের বাড়িতে আগুন দেওয়া হয়।'
হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন বলেন, 'দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। ছোট ছোট ছেলেরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। এলাকাবাসীর দাবি, বাড়িতে গিয়ে তারা বিপুল পরিমাণ মাদক পেয়েছেন।'
স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, 'তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল। আমরা একাধিকবার সতর্ক করেছি। শুক্রবার সকালে দুই-তিন গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের আটক করেন। পরে পুলিশ এসে পারভেজ ও তাঁর মাকে হেফাজতে নেয়। এর আগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের নির্দেশনায় এলাকায় মাদক নির্মূল কমিটিও গঠন করা হয়েছিল।'
ঘটনার পর ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, 'মাদক ব্যবসার অভিযোগে পারভেজ ও তাঁর মা পারভীন আক্তারকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।