ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি ১৭ মিনিট

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ ভোর ৪:৫৬
ad003
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি দেওয়া হবে ১৭ মিনিট। ফিফা জানিয়েছে, রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের হাফটাইম ১৭ মিনিটের বেশি হবে না। অর্থাৎ, প্রচলিত ১৫ মিনিটের বিরতির তুলনায় অতিরিক্ত সময় থাকবে মাত্র দুই মিনিট।

ইতোমধ্যে স্পেন ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ফিফা। সেই বিরতির ১১ মিনিটজুড়ে থাকছে জমকালো সঙ্গীত পরিবেশনা, যেখানে মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত তারকা শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার। প্রায় ৬ মিনিট ব্যবহার করা হবে দ্রুত মঞ্চ স্থাপন ও অপসারণের কাজে। একই সঙ্গে মাঠে পানি ছিটিয়ে ঘাসের অবস্থা ঠিক রাখার কাজও এই সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত আগের কয়েকটি ম্যাচে মাঠের ঘাস কিছুটা শুষ্ক ও ধীরগতির বলে অভিযোগ উঠেছিল। বিশেষ করে স্পেন এ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

এর আগে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, একাধিক শিল্পীর পরিবেশনার কারণে হাফটাইম ২৫ মিনিটেরও বেশি হতে পারে। তবে ফিফা জানিয়েছে, এমন কোনো পরিকল্পনা নেই এবং পুরো বিরতি ১৭ মিনিটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

তবে, ম্যাচের হাইড্রেশন ব্রেক বা পানি পানের বিরতিতে কোনো পরিবর্তন আসছে না। এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তীব্র গরমের কারণে যেভাবে প্রতি অর্ধে একটি করে দুটি হাইড্রেশন ব্রেক রাখা হয়েছে, ফাইনালেও একই নিয়ম বহাল থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT