নরসিংদী সদর উপজেলার মাধবদীর বলভদ্রাদি এলাকার ব্যবসায়ী মিলন মিয়ার বাড়িতে শুক্রবার দিবাগত রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে বাড়ির মালিকের বড় ভাই শাহজাহান মিয়া(৫০) নিহত এবং সুরুজ মিয়া(৬০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদেরকে হতাহত করে ওই বাড়ি থেকে প্রায় পাচ লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাতদল।
জানা গেছে, আট-দশ জনের সশস্ত্র একটি ডাকাতদল শুক্রবার গভীর রাতে পাওয়ারলুম ব্যবসায়ী মিলন মিয়ার বাড়িতে হামলা চালায়। এরা বাড়ির দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং আলমিরা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ প্রায় পাচ লাখ টাকার মালামাল লুটে নেয়। লুটের সময় বাড়ির লোকজন বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাত দল তাদেরকে এলোপাতাড়ি কুপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মিলন মিয়ার বড় ভাই শাহজাহান মিয়া মারা যায় এবং সুরুজ মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে এলাকার লোকজন তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকাল হসপিটালে নিয়ে ভর্তি করেন। সেখানে তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
মাধবদী থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন জানান, এই ডাকাতি এবং হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা করা হয় নি। নিহতের লাশ পোস্ট মর্টেমের জন্য হসপিটালে পাঠানো হয়েছে। লাশ দাফনের পর এদের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হবে। এছাড়া, বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে ডাকাতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।